চাঁদপুর-শরীয়তপুর পথে রাতে ফেরি চলে না
মেঘনা নদীতে নাব্যতাসংকট, লাইটবয়া ও বিকন বাতির অভাবে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ৩ নভেম্বর থেকে রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, চাঁদপুর-শরীয়তপুর নৌপথে কেতকি ও করবী নামে দুটি ফেরি ২৪ ঘণ্টা চলাচল করত। প্রতিটি ফেরি প্রতিদিন দুবার করে যাতায়াত করত। একটি ফেরি আটটি গাড়ি পার করে। ফেরিগুলো লক্ষ্মীরচর চলাচল করত চ্যানেল হয়ে। এই চ্যানেলে নাব্যতাসংকট দেখা দেওয়ায় গত ১৮ অক্টোবর থেকে বিআইডব্লিউটিএ খনন (ড্রেজিং) শুরু করে। ১৫ দিন খননের পর ৩ নভেম্বর তা বন্ধ হয়ে যায়। এ কারণে ৪ নভেম্বর থেকে বিকল্প পথ ইশানবালা চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়। শরীয়তপুরের নরসিংহপুরঘাট থেকে চাঁদপুরের হরিণাঘাটের দূরত্ব লক্ষ্মীরচর চ্যানেল দিয়ে নয় কিলোমিটার এবং ইশানবালা হয়ে ১৬ কিলোমিটার।চট্টগ্রাম-খুলনা সড়কের বাসচালক আনোয়ার হোসেন বলেন, আগে ঘাটে এসে বেশি সময় অপেক্ষা করতে হতো না। এখন দীর্ঘসময় বসে থাকতে হয়। মাছ ব্যবসায়ী আলী হোসেন ও লুৎফর রহমান জানান, ঘাটে মাছের গাড়ি নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ কারণে তাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।নরসিংহপুরঘাটের ইজারাদার জিতু মিয়া বেপারী বলেন, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির অবহেলার কারণে রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ঘাটে ৬০ থেকে ৭০টি পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি আটকে আছে। যাত্রীরা হইচই শুরু করেছে।বিআইডব্লিউটিসির শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, ইশানবালা চ্যানেল দিয়ে ফেরি যাতায়াতের কারণে সাত কিলোমিটার পথ অতিরিক্ত ঘুরতে হয়। এ ছাড়া এ চ্যানেলে একটি মাত্র লাইটবয়া রয়েছে, এর আলো দিয়ে রাতে দীর্ঘ নৌপথ পাড়ি দেওয়া সম্ভব নয়। এ পথে রাতে ফেরি চলাচল করতে কমপক্ষে তিনটি লাইটবয়া ও চারটি বিকন বাতি প্রয়োজন। কিন্তু নদীতে কোনো বিকন বাতি নেই। তাই রাতে এ পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।ফেরি করবির মাস্টার আলী আহাম্মেদ বলেন, ইশানবালা চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ লাইটবয়া ও বিকন বাতি না থাকায় রাতে ফেরি চালানো সম্ভব নয়।বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (চাঁদপুর নৌপথ) মো. শাহজাহান মিয়া বলেন, ‘নাব্যতার সংকটের কারণে লক্ষ্মীরচর চ্যানেল দিয়ে ফেরি চলাচল না করার জন্য বলা হয়েছে। এ চ্যানেলের খনন গত মাসে শুরু হয়েছিল। ড্রেজার নষ্ট হওয়ায় তা বন্ধ রয়েছে। ইশানবালা চ্যানেলে একটি লাইটবয়া ও দুটি বিকন বাতি রয়েছে। গত বছর এ অবস্থায় ইশানবালা চ্যানেল দিয়ে রাতে ফেরি চলাচল করেছে। এ বছর কেন অসুবিধা হচ্ছে, তা আমি জানি না।’