চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা এলাকায় গত বৃহস্পতিবার সকালে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ইতিমধ্যে পুরানবাজার হরিসভার বণিকবাড়ি-সংলগ্ন ১০ মিটার নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে আছে প্রায় ৩০-৪০ মিটার এলাকা।
বণিকবাড়ির শিশির বণিক বলেন, ‘কয়েক দিন ধরে প্রচণ্ড ঢেউ আর স্রোতের কারণে মেঘনা নদীতে ভাঙন বেড়ে গেছে। আমরা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের জানালেও তাঁরা কোনো ব্যবস্থা নেয়নি।’
পাউবো চাঁদপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান বলেন, কয়েক দিন আগে প্রবল জলোচ্ছ্বাসের কারণে শক্তিশালী স্রোতের ধাক্কায় মাটি সরে গিয়ে এ ভাঙন দেখা দেয়। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাঁরা প্রস্তুত রয়েছেন।
এদিকে হরিসভা এলাকার শহর রক্ষা বাঁধে ভাঙনের খবর পেয়ে স্থানীয় সাংসদ দীপু মনি চাঁদপুরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি শহর রক্ষা বাঁধ সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয় ও পাউবোর কর্মকর্তাদের তাগিদ দেন।
ভাঙনের খবর পেয়ে ওই দিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবু রাইয়ান প্রমুখ।