চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় শহর রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন শুরু হয়েছে। এতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বসতঘর, গাছপালাসহ ৮০ মিটার এলাকা মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে জেলার সর্ববৃহৎ হরিসভা মন্দির কমপ্লেক্সসহ কয়েক শ ঘর।
সোমবার দিবাগত রাত একটার দিকে এই ভাঙন শুরু হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ অনেকে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে গতকাল পর্যন্ত ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আকস্মিক এই ভাঙনে গৃহহারা হয়েছেন হরিসভা এলাকার বাসিন্দা রাধা রাণী বণিক। তিনি বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাশের বাড়ির একটি ছেলে এসে বলে, নদীতে ব্লক দেবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার ছেলেদের পাঠাই। তারা গিয়ে দেখতে পায়, ঘরের পেছনের সব ব্লক নদীতে তলিয়ে যাচ্ছে। এরপর কোনো রকমে ঘরের জিনিসপত্র সরিয়ে নিই। রাতের অন্ধকারে আমাদের চোখের সামনেই ঘরটি নদীতে তলিয়ে গেল।’
একই এলাকার বাসিন্দা ও চাঁদপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী দীপু বণিক বলেন, ‘লেখাপড়া শেষ করে রাতে ঘুমাতে যাই। হঠাৎ মায়ের চিৎকার শুনে জেগে দেখি, নদীতে ঘর তলিয়ে যাচ্ছে। পরে মা ও ভাইকে নিয়ে এখন পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি।’
পুরানবাজারের ব্যবসায়ী সুভাষ চন্দ্র রায় বলেন, শহর রক্ষা বাঁধের ভাঙন স্থানীয় হরিসভা মন্দির কমপ্লেক্সের ২০ গজ দূরত্বে চলে এসেছে। যেকোনো মুহূর্তে মন্দিরসহ এলাকার কয়েক শ ঘর নদীতে বিলীন হয়ে যেতে পারে। এরই মধ্যে ১০ থেকে ১৫টি বাড়ির লোকজন জিনিসপত্র নিয়ে মন্দিরের জায়গায় আশ্রয় নিয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, খবর পেয়ে রাতেই তিনি পুলিশ পাঠিয়ে নিরাপত্তা জোরদার করেছেন। সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ জানান, দেশের ৫০টি নদ-নদীর পানি চাঁদপুরের পদ্মা-মেঘনার ওপর দিয়ে তীব্র গতিতে সাগরে নামছে। এ কারণেই চাঁদপুর শহর রক্ষা বাঁধে এই ভাঙন দেখা দিয়েছে। পানির চাপে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে।
খবর পেয়ে গতকাল ঢাকা থেকে ঘটনাস্থলে যান পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুল লতিফ মিয়া। তিনি বলেন, এ রকম ভাঙন বর্তমানে সব জায়গায়ই হচ্ছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্লক ও বালুভর্তি ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ব্যবস্থাই নিতে দেখা যায়নি। অথচ প্রবল স্রোতে গতকাল বিকেল চারটার দিকেও ঘটনাস্থলে গিয়ে নদীভাঙন অব্যাহত থাকতে দেখা যায়।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেন, ‘কদিন পরপর ভাঙন দেখা দিচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ীরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি করছি।’