চাঁদপুর শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
চাঁদপুর শহরে গত সোমবার রাতে সন্ত্রাসী হামলায় যুবক নিহত হওয়ার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের পুরান আদালতপাড়া, নাজিরপাড়া, ট্রাকঘাট, বড় স্টেশনসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় পুলিশ।চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর জানান, সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হয়। এই অভিযান আরও তিন-চার দিন অব্যাহত থাকবে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন প্রথম আলোকে জানান, দুজন এজাহারভুক্ত আসামি রয়েছেন। অন্যদের জড়িত থাকার বিষয়টি তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার রাতে শহরের স্টেডিয়াম রোড ও নাজিরপাড়ায় সন্ত্রাসী হামলা হয়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বিল্লাল দেওয়ান নামের এক যুবক নিহত ও অন্তত সাতজন আহত হন। এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে বিল্লালের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিকেল পাঁচটার দিকে বিল্লালের লাশ নিয়ে শহরে মিছিল বের করা হয়।