চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর হাসান আলী সরকারি (জুবিলী) উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি উৎসব হাজারো প্রাক্তন ছাত্রের মিলনমেলায় পরিণত হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটায় স্কুলপ্রাঙ্গণে জাতীয় ও স্কুলের পতাকা তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের ১৯৫১ ব্যাচের ছাত্র রামকৃষ্ণ বান্টা। পরে স্কুলের প্রাক্তন ছাত্র চিত্রশিল্পী হাশেম খান ও মনিরুল ইসলামসহ স্কুলের প্রায় দুই হাজার ছাত্রের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর ঘুরে চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।চাঁদপুর স্টেডিয়ামে দিনব্যাপী এ মিলনমেলায় স্কুলের প্রাক্তন ছাত্ররা স্মৃতিচারণা, কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন। স্কুলের প্রধান শিক্ষক ও মিলনমেলার আহ্বায়ক মোহাম্মদ হোসেন জানান, অনুষ্ঠানের প্রথম পর্বে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন শেষে স্কুলের সাবেক শিক্ষক ও দেশবরেণ্য ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।দ্বিতীয় পর্বে আমন্ত্রিত মহিলা, শিশু ও প্রাক্তন ছাত্রদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফল ড্র, লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সংগীতশিল্পী তপন চৌধুরী, কনকচাঁপা, দিনাত জাহান, শশী, পুলক, প্রতীক হাসান, চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ, ক্লোজআপ ওয়ান তারকাসহ অন্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।১৮৮৫ সালে শহরের কুমিল্লা সড়ক এলাকায় জুবিলী স্কুল নামে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের নাম পরে রাখা হয় চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয়।