চাঁদপুর-১ আসনে একমাত্র প্রার্থী ম খা আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহীউদ্দীন খান আলমগীর
মহীউদ্দীন খান আলমগীর

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার চাঁদপুরের পাঁচটি আসনের জন্য ১০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। এ ছাড়া অন্যান্য আসনের মধ্যে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাতীয় পার্টি (জাপা) থেকে এমরান হোসেন মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসন থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বতন্ত্র প্রার্থী মোমিন উল্যাহ পাটওয়ারী ও বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল বিন বাশার মনোনয়ন জমা দেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক ভূঁইয়া ও জাপার মাইনুল ইসলাম মানু মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসন থেকে আওয়ামী লীগের রফিকুল ইসলাম ও জাপা থেকে খোরশেদ আলম মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইসমাইল হোসেন জানান, ৫ ডিসেম্বর এসব মনোনয়ন যাচাইবাছাই ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।