চাঁদপুরকে হারিয়ে মাচ্চর ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে খন্দকার মোশাররফ হোসেন গোল্ড কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মাচ্চর ইউনিয়ন ১-০ গোলে চাঁদপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ার খেলোয়াড় এলিটা কিংস লে। পরে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।
এর আগে ফাইনাল খেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন। একই সময় উদ্বোধনী পতাকা উত্তোলন করেন খন্দকার মোশাররফ হোসেন এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উদ্বোধনী সভার সভাপতি খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর।
বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিরা পুষ্পসজ্জিত একটি নৌকায় চড়ে সমগ্র মাঠ পরিভ্রমণ করেন এবং দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আমির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ‘এ সত্য বারবার প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। এর প্রমাণ আজকের ফরিদপুর। আজ ফরিদপুরে এসে আমার মনে হয়েছে, আমি নতুন ফরিদপুরে এসেছি। ফরিদপুরের এ উন্নয়ন সম্ভব হয়েছে খন্দকার মোশাররফ হোসেন এবং সর্বোপরি শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য।’
উদ্বোধকের বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে। তিনি বলেন, খেলা মানুষের মনকে সতেজ করে। তরুণদের খেলায় মনোযোগী করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।