চাঁদপুরসহ আশপাশের ছয়টি জেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত ২০ দিনে (১৭ মে থেকে ৫ জুন) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৫৬ জন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব কেন্দ্রে ভর্তি হয়েছে।
আইসিডিডিআরবির মতলব কেন্দ্র সূত্রে জানা গেছে, ওই ২০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ৬৮ জন রোগী এখানে ভর্তি হয়েছে। এ সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি।
স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন ভর্তি হয় ৩২-৩৩ জন রোগী। গতকাল শনিবার বেলা একটা পর্যন্ত ভর্তি হয়েছে ৪০ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২ বছরের কম বয়সী শিশু ৪৮ শতাংশ এবং ১৫ বছরের বেশি বয়সী ৪২ শতাংশ। বাকি ১০ শতাংশের বয়স ২ থেকে ১৫ বছরের মধ্যে।
সূত্রটি জানায়, এসব রোগীর মধ্যে চাঁদপুর সদরের ২১৫ জন, ফরিদগঞ্জের ১০৫, হাইমচরের ২৬, হাজীগঞ্জের ১৩৫, কচুয়ার ৬০, মতলব উত্তরের ৮২, মতলব দক্ষিণের ১১০, শাহরাস্তির ৫০, কুমিল্লার বরুড়ার ৬৫, চান্দিনার ৬২, দাউদকান্দির ৪৬, লাকসামের ৩৫, তিতাসের ২০, দেবীদ্বারের ২১, কুমিল্লা সদরের ৪৫ জন। এ ছাড়া লক্ষ্মীপুরের রায়পুরের ৮২ জন, রামগঞ্জের ৪৬, লক্ষ্মীপুর সদরের ৫৫, নোয়াখালীর চাটখিলের ২০, শরীয়তপুরের ১৮ জন। বাকি রোগীরা কুমিল্লার বুড়িচং, চৌদ্দগ্রাম, হোমনা, মুরাদনগর, মেঘনা; লক্ষ্মীপুরের রামগতি; ফেনী ও নোয়াখালী সদরের।
গতকাল আইসিডিডিআরবির মতলব কেন্দ্রে দেখা যায়, সেখানকার প্রতিটি ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের ভিড়। বহির্বিভাগও ডায়রিয়া রোগীতে ঠাসা।
চাঁদপুর সদর উপজেলার ইচলী গ্রামের শিশু মো. রবিউল আউয়ালের (৮ মাস) মা মাহমুদা আক্তার বলেন, ‘ঘন ঘন পাতলা পায়খানা করায় ছেলেকে এনো ভর্তি করাইছি। খাবার স্যালাইন ও বেবিজিংক খাইতে দিছে। এহন পোলাডা একটু সুস্থ।’
আইসিডিডিআরবি মতলব কেন্দ্রের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, প্রচণ্ড গরমে চাঁদপুরসহ আশপাশের ছয়টি জেলায় এ রোগের প্রকোপ বেড়েছে। দূষিত পানি পান, ময়লা খাবার খাওয়ায় এ রোগ দেখা দিয়েছে। ঘন ঘন বমি, পাতলা পায়খানা হলে দ্রুত কাছের স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে আসতে হবে।