চাঁদপুরে অগ্নিকাণ্ডে ২৫ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলায় গত রোববার বিকেলে অগ্নিকাণ্ডে ২৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ ব্যবসায়ী। এদের মধ্যে শাহপরান (২৮) নামের এক ব্যবসায়ী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, উপজেলার আলগীবাজারে রোববার বিকেল সাড়ে চারটায় একটি লেপ-তোশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় দমকলকর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকা মূল্যের মালামালসহ সম্পদ পুড়ে গেছে বলে দাবি করেন আলগীবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন। এতে স্বর্ণ, রড-সিমেন্ট, স্টেশনারি, প্লাস্টিক সামগ্রী, বিস্কুট ফ্যাক্টরি, ওষুধ, ইলেকট্রনিকস পণ্য, টিন, আইসক্রিম ফ্যাক্টরি ও লেপ-তোশকের দোকান ক্ষতিগ্রস্ত হয়।চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীমুল ইসলাম বলেন, খবর পেয়ে চাঁদপুর উত্তর ও চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, একটি লেপ-তোশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।