চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মারা যাওয়া ব্যক্তির নাম নূর মোহাম্মদ (২০)। তিনি তেলবাহী লরির চালকের সহকারী ছিলেন। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরজন হলেন ওই ভবনের ভাড়াটিয়া তেল ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে মো. রায়হান (২৩)। তিনি গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত শুক্রবার চাঁদপুর মডেল থানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
ঘটনা তদন্তে গত শুক্রবার জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম ও চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রতন দত্ত। সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির একটি তেলবাহী লরি থেকে পাইপ দিয়ে ওইভবনের একটি কক্ষে রাখা ড্রামে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়ে লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।