চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় গতকাল রোববার অটোরিকশার ধাক্কায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এদিকে ২১ জানুয়ারি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত কিশোরী গত শনিবার মারা গেছে।
নিহত দুজন হলো জান্নাতুল মাওয়া (৭) ও রেশমী আক্তার (১৫)।
জান্নাত ষোলঘর মিজি বাড়ির খোরশেদ মিজির মেয়ে। সে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শী সুমন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে বিটি রোডের ইসমাইল খাঁর বাড়ির সামনে একটি অটোরিকশা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী জান্নাতুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ২১ জানুয়ারি সকালে ব্রাহ্মণপাড়ার তালতলা এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রেশমীর মা খোরশেদা বেগম (৫০) মারা যান। আহতাবস্থায় রেশমী একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি ছিল।