চাঁদপুরে অবরোধ, মেহেরপুর ও ফেনীতে হরতাল
১৮-দলীয় জোটের লাগাতার অবরোধের প্রথম দিন আজ বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় একটি গ্রামীণ সড়ক কেটে দিয়েছে অবরোধকারীরা। একই সঙ্গে সদর উপজেলার ঘোষেরহাট থেকে বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
মেহেরপুরে অবরোধের পাশাপাশি জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ফেনীতেও চলছে একই কর্মসূচি।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
চাঁদপুর: পুলিশ সুপার আমির জাফর জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে আটক করেছে। এর মধ্যে বিএনপির ১৫ ও জামায়াতের দুজন কর্মী রয়েছেন। অবরোধের সমর্থনে চাঁদপুর শহরে মিছিল বের করে অবরোধকারীরা।
দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ট্রেন ও লঞ্চ চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।
মেহেরপুর: সদর উপজেলার হিজুলী গ্রামের জামায়াতের সভাপতি আবদুল জব্বার নিহত হওয়ার ঘটনায় জেলা জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। আন্তজেলা পরিবহনও বন্ধ। তবে শহরে রিকশাভ্যান সীমিত আকারে চলাচল করছে। দোকানপাট বন্ধ রয়েছে।
থানায় দুটি মামলা
গতকাল সোমবার রাতে বন্দুকযুদ্ধের ঘটনায় মেহেরপুর সদর থানায় দুটি মামলা হয়েছে। উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও জব্বারকে হত্যার অভিযোগে পৃথক দুটি মামলা করেন। মামলায় জামায়াতের খুলনা বিভাগীয় সমন্বয়ক আবদুল মতিন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার ও রাজনগর গ্রামের স্থানীয় বিএনপি নেতা আলিমসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হরতালে কোথাও কোনো পিকেটিং বা সহিংসতা হয়নি।
ফেনী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে রাখা, দলের জাতীয় নেতাদের গ্রেপ্তার-নির্যাতন এবং বিএনপিসহ ১৮ দলের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে আজ ফেনীতে হরতাল চলছে। তবে হরতালের পক্ষে সকাল থেকে কোনো ধরনের মিছিল-পিকেটিং চোখে পড়েনি।
শহরে কিছু রিকশা ও টমটম ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করছে।
গত মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিএনপি, জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে।