চাঁদপুরে আ.লীগের চূড়ান্ত, বিএনপির অমীমাংসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের সাতটি পৌরসভায় আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। ইতিমধ্যে পৌর নির্বাচনে মেয়র পদে দলের মনোনীত প্রার্থীদের বিষয়টি উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। এর পরও সব কটি পৌরসভায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি থেকে একাধিক প্রার্থী প্রচারে নামলেও এখন পর্যন্ত দল থেকে কাউকে চূড়ান্ত সমর্থন দেওয়া হয়নি।পৌর মেয়র পদে চাঁদপুর জেলার সাতটি পৌরসভায় একক প্রার্থী হিসেবে যাঁরা আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন তাঁরা হচ্ছেন: চাঁদপুর পৌরসভায় বর্তমান মেয়র ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, হাজীগঞ্জ পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, কচুয়া পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব, ছেঙ্গারচর পৌরসভায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজি মো. বিল্লাল হোসেন সরকার, মতলব পৌরসভায় সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম, শাহরাস্তি পৌরসভায় বর্তমান মেয়র মোশারফ হোসেন মুশু পাটওয়ারী ও ফরিদগঞ্জ পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের নেতা ব্যবসায়ী আবদুর রহমান বাবলু।চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া বলেন, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের অনুরোধ জানানো হয়েছে।এদিকে চাঁদপুরে সাতটি পৌরসভা নির্বাচনে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা না করলেও প্রার্থী হিসেবে যাঁরা প্রচারণা চালাচ্ছেন তাঁরা হচ্ছেন: চাঁদপুর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান ভূঁইয়া ও শহর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, হাজীগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আবদুল মান্নান খান বাচ্চু, ছেঙ্গারচরে বর্তমান মেয়র আমেনা বেগম, ফরিদগঞ্জে সাবেক পৌর প্রশাসক শফিকুল ইসলাম পাটোয়ারী, কচুয়ায় হুমায়ন কবির ও বিল্লাল হোসেন, মতলবের সাবেক পৌর চেয়ারম্যান এনামুল হক বাদল, শাহরাস্তি পৌরসভায় আবুল খায়ের সিএ।