চাঁদপুরে আগুনে পুড়ে গেছে ৪২টি ব্যবসাপ্রতিষ্ঠান
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারের ৪২টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাজার ব্যবসায়ী কমিটি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বাজারের দাদন সর্দারের কাপড়ের দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। লক্ষ্মীপুরের রায়পুর থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের এসে পৌঁছাতে তিন ঘণ্টা লেগে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাজার কমিটির সভাপতি বিপ্লব ব্যাপারী বলেন, পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রেজাউল ব্যাপারীর সয়াবিনের আড়ত, গোলাপ মোল্লা ও আবু হাওলাদারের কাপড়ের দোকান, সামছুদ্দিনের খাবারের হোটেল, শিপনের সেলুন, সোহাগ গাজীর ডেকোরেটর, রাজু গাজীর গ্যারেজ, কাশেমের ফলের দোকানসহ ৪২টি ব্যবসাপ্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে।