চাঁদপুরে আগুনে পুড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার কাপিলাবাড়ী গ্রামে গত সোমবার রাতে আগুনে পুড়ে একই পরিবারের তিনজন মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নিহত ব্যক্তিরা হলেন দুলাল বকাউল (৫৫) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪৫) এবং তাঁদের মেয়ে ফারজানা আক্তার (১৫)।জানা যায়, গভীর রাতে দুলাল বকাউলের আধা পাকা ঘরে আগুন লাগে। এ সময় ঘরে থাকা দুলাল, তাসলিমা ও ফারজানার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই পুরো ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে দুলাল বকাউল ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার এবং তাঁদের শারীরিক প্রতিবন্ধী মেয়ে ফারজানা আক্তার মারা যায়।নিহত দুলালের আরও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে এক ছেলে বিদেশে থাকে। ছেলে রাসেল ও মেয়ে চাঁদনী বাড়িতে থাকলেও অন্য ঘরে শোওয়ায় তারা প্রাণে বেঁচে গেছে।নিহত দুলাল কয়েক বছর বিদেশে ছিলেন। দেশে ফেরার পর তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম বড়ুয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ইউএনও অনুপম বড়ুয়া জানান, তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা, ১০০ কেজি চাল ও তিন বান্ডেল টিন দেওয়া হয়েছে।গতকাল নিহত তিনজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।