চাঁদপুরে আগুনে পুড়ে গেছে ঈগল-১

চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি ঈগল-১ নামের একটি লঞ্চে আজ রোববার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় লঞ্চে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
লঞ্চের মাস্টার (চালক) দেলোয়ার হোসেন জানান, মাদ্রাসা লঞ্চঘাট থেকে চাঁদপুর লঞ্চঘাটে যাওয়ার পর আনুমানিক ভোর সাড়ে ছয়টার দিকে লঞ্চের তৃতীয় তলার শীতাতপ নিয়ন্ত্রণকারী একটি যন্ত্রে আগুন ধরে যায়। তাত্ক্ষণিক আগুন লঞ্চের পুরো তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
লঞ্চটির তত্ত্বাবধায়ক আজগর আলী জানান, লঞ্চটির সকাল আটটার দিকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে লঞ্চের বিজনেস ও প্রথম শ্রেণীসহ তৃতীয় তলা সম্পূর্ণ পুড়ে যায়। পরে লঞ্চটি ওই ঘাট থেকে সরিয়ে মাদ্রাসাঘাটে নেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনমাস্টার মো. ফরিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।