চাঁদপুরে ইলিশ কম, ছোট মাছ ধরা পড়ছে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস নিষেধাজ্ঞা শেষে গতকাল সোমবার চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরতে নেমেছেন জেলেরা। কিন্তু নদীতে ইলিশের চেয়ে জেলেদের জালে ধরা পড়ছে পাঙাশের পোনা, পোয়া, তাপসেসহ দেশীয় ছোট মাছ। এসব মাছ নদীর পাড়েই বিক্রি হয়ে যাচ্ছে। সরেজমিন সোমবার ও আজ মঙ্গলবার সদর উপজেলার আনন্দবাজার, শহরের বড় স্টেশন মাছঘাট ও মেঘনা মোহনা এলাকায় ঘুরে দেখা যায়, জেলেরা দলে দলে ইলিশ শিকারে নেমেছেন। আবার কেউ কেউ ইলিশ নিয়ে আড়তে বা বাজারে চলে যাচ্ছেন। 

আজ বিকেলে মেঘনা মোহনায় গুটিজাল দিয়ে দলবল নিয়ে ইলিশ ধরছেন জয়নাল মোল্লা । তিনি বলেন, নদীতে জাল ফেলে খুবই কম ইলিশ পাওয়া যাচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দুটি নদীতে দুবার জাল ফেলে তাঁর জালে ২০ কেজি ছোট, বড় ও মাঝারি আকারের ইলিশ উঠেছে। কিন্তু এর চেয়ে বেশি ওঠে পোয়া মাছ।
আগের দিন সোমবার বিকেলে সদর উপজেলার আনন্দবাজার, শহরের বড় স্টেশন মাছঘাটে জেলে ও মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দুটি বাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ বিক্রি হয়েছে অন্তত ২০০ মণ। এর মধ্যে ইলিশের পরিমাণ ছিল বেশি।

মেঘনার মোহনায় বিশাল গুটিজাল ফেলে ধরা পড়ে অল্প কিছু ছোট-বড় ইলিশ। জাটকা রক্ষায় দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞার পর চাঁদপুরের পদ্মা-মেঘনায় শুরু হয়েছে জেলেদের নদীতে জাল ফেলা। ছবিটি আজ মঙ্গলবার বেলা তিনটায় তোলা। আলম পলাশ
মেঘনার মোহনায় বিশাল গুটিজাল ফেলে ধরা পড়ে অল্প কিছু ছোট-বড় ইলিশ। জাটকা রক্ষায় দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞার পর চাঁদপুরের পদ্মা-মেঘনায় শুরু হয়েছে জেলেদের নদীতে জাল ফেলা। ছবিটি আজ মঙ্গলবার বেলা তিনটায় তোলা। আলম পলাশ

সদর উপজেলার আনন্দবাজারের জেলে আবু ছৈয়াল বলেন, প্রথম দিন যে ইলিশ ধরা পড়েছে, সেগুলো আকারে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের। মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, দুই মাস জেলেরা নদীতে না নামায় ইলিশের সঙ্গে অন্যান্য মাছ পাওয়া যাচ্ছে বেশি। তবে এখনো ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। তাঁর মতে, সামনে ইলিশ বেশি পাওয়া যেতে পারে। চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী আবদুল খালেক জানান, প্রথম দিনে আসা মাঝারি সাইজের ইলিশের মূল্য ১ হাজার ৪০০ টাকায় এবং এক কেজির ওপরের ওজনের ইলিশ ১ হাজার ৮০০ টাকায় কেজি বিক্রি হয়েছে।
চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক আনিছুর রহমান বলেন, এ বছর জাটকা রক্ষা কর্মসূচি অন্যান্য বছরের চেয়ে অনেকটা সফল হয়েছে। প্রথম দিন তেমন একটা ইলিশ জেলেদের জালে ধরা না পড়লেও সামনে নদীর পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি ইলিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।