চাঁদপুরে ইলিশের কেজি ৮০০ থেকে ১০০০ টাকা
চাঁদপুরে ইলিশ মাছের দাম বেড়ে গেছে। খুচরা বাজারে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়াকে দাম বাড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, সি ফুড করপোরেশন লিমিটেড ও খন্দকার ফিশ প্রসেসিং সেন্টার নামের দুটি মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে পাইকারদের কাছে ৫০০ গ্রাম থেকে সোয়া কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে। সেখানে ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২৮৫ টাকা থেকে ৩০০ টাকা, ৭০০ গ্রাম ওজনের কেজি ৩৩০ টাকা, ৮০০ গ্রাম ওজনের কেজি ৩৭০ টাকা এবং এক থেকে সোয়া কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ টাকায়। তবে খুচরা বাজারে এসব ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকায়।সদর উপজেলার বাগাদী রোডে অবস্থিত সি ফুড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহীদুর রহমান চৌধুরী জানান, তিনি দুই মাস আগে ৫০ মেট্রিক টন ইলিশ মজুদ করেছিলেন। এখন দাম বাড়ায় সেগুলো খুচরা বাজারে সরবরাহ করছেন।সদরের আশিকাঠিতে অবস্থিত খন্দকার ফিশ প্রসেসিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক খন্দকার জানান, তিনি বিভিন্ন আকারের ৬০ মেট্রিক টন ইলিশ মজুদ করেন। ইতিমধ্যে প্রায় ৩০ মেট্রিক টন ইলিশ বিক্রি করেছেন। তিনি আরও জানান, পয়লা বৈশাখকে ঘিরে ইলিশের দাম বেড়েছে।