চাঁদপুরে উঠছে ইলিশ, যাচ্ছে ভারতে
মৌসুমের শুরুতে দেখা না মিললেও এখন জেলেদের জালে কিছু কিছু ইলিশ ধরা পড়ছে। অনেক দিন অপেক্ষার পর কাঙ্ক্ষিত সেই ইলিশ চাঁদপুরের ঘাটে উঠতে শুরু করেছে। তবে রুপালি এ মাছ দেশের চাহিদা না মিটিয়েই রপ্তানি করা হচ্ছে ভারতে। কয়েকজন মাছ ব্যবসায়ী জানান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এক কেজি ওজনের ইলিশের চাহিদা বেশি। তাই বড় আকারের ইলিশ যা-ই পাওয়া যাচ্ছে, তার সবই প্রায় বাক্সবন্দী হয়ে বরফজাত করে ট্রাকে বা রেলে করে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইলিশ রপ্তানিতে কোনো নীতিমালা না থাকায় যে যার মতো ইলিশ বিদেশে রপ্তানি করে যাচ্ছে। স্থানীয় ইলিশ রপ্তানিকারক আবদুল মালেক খন্দকার বলেন, ‘গত বছর এখান থেকে ভারতে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার কার্টন ইলিশ পাঠানো হয়েছিল। এখন ভরা মৌসুম চললেও গত শুক্রবার চাঁদপুর মাছঘাট থেকে কলকাতায় এলসির মাধ্যমে পাঁচ শতাধিক কার্টন ইলিশ পাঠানো হয়। সামনে ইলিশ আমদানি বাড়লে ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আরও ইলিশ রপ্তানি করা সম্ভব হবে।’ গত শনিবার বিকেলে সরেজমিনে চাঁদপুর মাছঘাটে দেখা যায়, ইলিশ নিয়ে বসে আছেন আড়তদারেরা। আড়তদার মেজবাহ উদ্দিন জানান, বর্তমানে ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও যা ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনার তাজা রুপালি ইলিশের মণ ৪০ হাজার টাকার নিচে না। ব্যবসায়ী মানিক জমাদার বলেন, ‘তুলনামূলকভাবে ইলিশ আগের চেয়ে অনেক কম পাওয়া যাচ্ছে। তবু নদীতে ইলিশ ধরা পড়ায় কিছুটা আনন্দিত জেলে ও মাছ ব্যবসায়ীরা।’