চাঁদপুরে এমআরপি কার্যক্রম উদ্বোধন
চাঁদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে গতকাল মঙ্গলবার থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের একটি অংশে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা ২৭তম মেশিন রিডেবল পাসপোর্ট অফিসের ফলক উন্মোচন করেন।এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় মেশিন রিডেবল পাসপোর্টের গুরুত্ব ও সফলতা নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল আহসান আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর, সিভিল সার্জন শাহনেওয়াজ, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আবদুল মোতালিব প্রমুখ।উপ-প্রকল্প পরিচালক আহসান আজিজ জানান, হাতে লিখে পাসপোর্ট তৈরি করতে গিয়ে যে বিড়ম্বনা হতো, সেগুলো আর থাকবে না। এখন থেকে যে কেউ ঘরে বসে বা যেকোনো ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে গিয়ে অনলাইনে পাসপোর্ট ফরম পূরণ করে পাসপোর্ট কার্যালয়ে পাঠিয়ে দিতে পারেন। এতে হয়রানি যেমন কমে যাবে, নির্দিষ্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থও খরচ হবে না।