চাঁদপুরে ও চট্টগ্রামে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, ভাঙচুর পুলিশসহ আহত ৫
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিদ্যুতের দাবিতে গত বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কনস্টেবল কাজী রাসেলসহ পাঁচজন আহত হন। একই দাবিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পল্লী বিদ্যুতের কার্যালয়ে এলাকার শত শত গ্রাহক গত বুধবার রাতে হামলা চালান। এতে কার্যালয়ের জানালার কাচ ভেঙে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর খবর। শাহরাস্তি: এলাকাবাসী ও শাহরাস্তি থানা সূত্র জানায়, একদল গ্রাহক গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে শাহরাস্তি পৌর শহরের ঠাকুর বাজারে অবস্থিত পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে গ্রাহকদের সংঘর্ষ হয়। এতে কনস্টেবল কাজী রাসেলসহ পাঁচজন আহত হন। পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় শাহরাস্তি থানা পুলিশ রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঁশখালী: বাঁশখালী থানা সূত্র জানায়, গত বুধবার রাতে শত শত গ্রাহক উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালান। সেখানে ফের হামলার আশঙ্কায় থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া উপজেলার কালীপুর, বাহারছড়া, বৈলছড়ি ও জলদীতে বিদ্যুতের দাবিতে গ্রাহকেরা মিছিল করেছেন।