চাঁদপুরে কারেন্ট জাল, ইলিশসহ ১৪ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৭ মণ ইলিশসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ড্যান্ট মো. জহিরুল হক জানান, আটকদের মধ্যে কালীম উদ্দীন (৩০), মোস্তফা গাজী (৪০), শফিক গাজী (২৮) ও মিজান গাজী (৪০)সহ ১২ জেলেকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন বৃদ্ধ ও একজন শিশু হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। জহিরুল হক জানান, জব্দ করা মাছ গরিব, দুস্থ ও এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ফেলা হবে।