চাঁদপুরে কালীবাড়ি মন্দিরে ভবন নির্মাণ নিয়ে বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শ বছরের বেশি পুরোনো চাঁদপুরের ঐতিহ্যবাহী ‘কালীবাড়ি মন্দির’ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। একটি পক্ষ মন্দিরের জমিতে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করেছে। অপর পক্ষ ভবনের কাজ বন্ধ করে মন্দিরের সৌন্দর্য রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার এ সম্মেলন হয়। শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মন্দির রক্ষা কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার দাস। এই সময় বক্তব্য দেন রণজিৎ কুমার, মুক্তিযোদ্ধা চন্দন পোদ্দার প্রমুখ। অবিলম্বে ভবন নির্মাণকাজ বন্ধ না হলে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে সম্মেলনে জানানো হয়।সম্মেলনে আরও জানানো হয়, ১৮৭৭ সালে চাঁদপুর শহরে ১৬ দশমিক ২৫ শতাংশ জায়গার ওপর কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠা করা হয়। গত সেপ্টেম্বর মাসে মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র রায় তাঁর কিছু অনুসারীসহ বেসিক ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী মন্দিরের জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে ওই জমিও ব্যাংকের আওতায় চলে যাবে বলে সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়।ভবনটির নির্মাণকাজ বন্ধের জন্য জেলা জজ আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন মন্দির কমিটির সদস্য শ্যামাপদ ঘোষ। এরই পরিপ্রেক্ষিতে আদালত মন্দিরের ওই ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু তার পরও ভবনের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে সম্মেলনে জানানো হয়। অবশ্য এসব অভিযোগকে মনগড়া বলে মন্তব্য করেছেন মন্দির কমিটির নেতা সুভাষচন্দ্র রায়। তিনি ১২ ডিসেম্বর হাইকোর্টে এক হলফনামায় বলেন, আদালতের আদেশ তাঁর জ্ঞাতসারে আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।সুভাষচন্দ্র রায় বলেন, অভিযোগগুলো বানোয়াট। লোকজনকে ভুল তথ্য দিয়ে চাঁদাবাজির উদ্দেশ্যেই এসব করা হচ্ছে। তিনি জানান, মন্দিরের খালি জায়গায় দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠানের কারখানা ছিল। সেটি উচ্ছেদ করে ওই জায়গাতেই মন্দিরের তত্ত্বাবধানে একটি চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।