চাঁদপুরে কোটি টাকার দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র বিক্রিতে বাধা ও ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রায় এক কোটি টাকার দরপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ। গত রোববার শহরের টেকনিক্যাল হাইস্কুল-সংলগ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এ ঘটনা ঘটে।
কয়েকজন ঠিকাদার বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ২০টি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাব সরবরাহের প্রায় ১ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয় গত ১৭ জানুয়ারি। রোববার দরপত্র বিক্রির শেষ দিন ছিল। ছাত্রলীগ নামধারী একটি পক্ষ ওই দিন দরপত্র কেনা ও জমাদান ব্যাহত করতে ওই কার্যালয় ঘিরে রাখে। ফলে অনেক ঠিকাদার দরপত্র কিনতে ব্যর্থ হন। একপর্যায়ে বঞ্চিত ঠিকাদারদের পক্ষ নিয়ে ছাত্রলীগের আরেকটি পক্ষ দরপত্র কেনার চেষ্টা করে। তখন দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়ে দরপত্রের কার্যক্রম স্থগিত করে।
কয়েকজন ঠিকাদার বলেন, ছাত্রলীগের একটি পক্ষ ওই কার্যালয়ে অবস্থান নিয়ে দরপত্র কেনাবেচায় বাধা দিচ্ছিল। এর প্রতিবাদ জানিয়ে ঠিকাদারদের পক্ষ নিয়ে ছাত্রলীগের আরেকটি পক্ষের লোকজন শিক্ষা প্রকৌশল কার্যালয়ে গিয়ে দরপত্র কেনার চেষ্টা করেন। এ সময় পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান বলেন, দরপত্রটি বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। চাঁদপুর মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, দরপত্র কেনার সময় ঠিকাদারদের একটি পক্ষ হট্টগোল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।