চাঁদপুরে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে আজ বুধবার সকালে ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর করেছে হরতালকারীরা। এ সময় বেশ কয়েকজন গাড়িচালক আহত হয়েছেন।

এ ছাড়া, সকালে হরতালকারীরা চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া ও পল্লী বিদ্যুত্ এলাকায় সড়ক অবরোধ করে।

তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।

সকাল ছয়টার দিকে হরতালকারীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া ও পল্লী বিদ্যুত্ এলাকায় কয়েকটি গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ সময় তারা ৩০-৩৫টি মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ ঘটনায় বেশ কয়েকজন গাড়িচালক আহত হন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

খবর পেয়ে সকাল সাতটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। সড়ক থেকে গাছ সরিয়ে ফেলার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

একই সড়কের বাবুরহাট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে হরতালকারীরা। এসব ঘটনায় সকাল নয়টা পর্যন্ত কেউ আটক হয়নি।