চাঁদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, শাশুড়ি গ্রেপ্তার
চাঁদপুর সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামে গতকাল রোববার সাবিনা বেগম (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শাশুড়ি পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাবিনার বাবা আবদুল বাতেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ নিহতের শাশুড়ি নেশপাতিন্নেছা বেগমকে গ্রেপ্তার করেছে। এজাহারে উল্লেখ করা হয়, তিন বছর আগে নুরুল্লাপুর গ্রামের হাবিবুল্লাহ হাজরার ছেলে হেলাল হাজরার সঙ্গে সাবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শাশুড়ি যৌতুক চেয়ে সাবিনার ওপর অমানবিক নির্যাতন করছিলেন। গত শনিবার রাতে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে সাবিনার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ও শাশুড়ি মিলে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনার পর সাবিনার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। গতকাল সকালে শ্বশুরবাড়িতে সাবিনার মৃত্যু হয়। আবদুল বাতেন বলেন, ‘শনিবার রাতেও সাবিনা আমাকে ফোন করে খুব কান্নাকাটি করে। গতকাল আমি ওই বাড়িতে গিয়ে দেখি, সাবিনা মারা গেছে। সাবিনার শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’ চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ প্রথম আলোকে জানান, সাবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছেন। তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে।