চাঁদপুরে চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলায় সরকারি চার কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহজাহান। অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী, মৎস্যসম্পদমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন তিনি। ওই চার কর্মকর্তা হলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল বাশার, বিআরডিবির সহকারী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও প্রকৌশলী ফরিদ মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।এ ঘটনায় জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা এক সদস্যের তদন্ত দল গঠন করেছেন। জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্তকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, এসব কর্মকর্তা একের পর এক দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছেন। বিষয়টি মৌখিকভাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকেও জানানো হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেন।