চাঁদপুরে জামায়াত-শিবির-পুলিশ সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের আন্তজেলা বাসস্ট্যান্ডে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪টি গুলি ও কাঁদানে গ্যাসের একটি শেল নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ শিবিরের তিনজন কর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেশব্যাপী জামায়াত-শিবিরের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহরের স্বর্ণখোলা রোড থেকে দলের শতাধিক কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। পরে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪টি গুলি ও কাঁদানে গ্যাসের একটি শেল নিক্ষেপ করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ জানান, আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।