চাঁদপুরে জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, নয়জন নিখোঁজ
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার সকালে তেলবাহী জাহাজের ধাক্কায় ‘এমভি রবিন’ নামের যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরা ৪০-৪৫ জনকে উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে ছয়টি শিশু, দুজন নারীসহ ট্রলারটির নয়জন যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ যাত্রীদের কারও সন্ধান পায়নি উদ্ধারকারী দল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ট্রলারটি হাইমচরের তেলিরমোড় থেকে ঈশানবালায় যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী স্থানীয় মৎস্যজীবী রফিক মোল্লা বলেন, ঘটনাস্থলের পাঁচ গজ দূরে তিনি নৌকা নিয়ে মাছ ধরছিলেন। তখন ঘন কুয়াশা ছিল। হঠাৎ বিকট শব্দ হলে তিনি বুঝতে পারেন দুর্ঘটনা ঘটেছে। এরপর তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি তাঁর নৌকায় ডুবে যাওয়া ট্রলারটির কয়েকজন যাত্রীকে উঠিয়ে নেন। বেঁচে যাওয়া যাত্রীদের অনেকে নিখোঁজ আট-দশজন নারী ও শিশুকে খুঁজতে থাকেন।
হাইমচর থানার ওসি মো. ওয়ালি উল্লা বলেন, গতকাল দুপুর পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় পুলিশ নিখোঁজ নয়জনের নাম পেয়েছে। তাঁরা হচ্ছেন নার্গিস (২৮) ও তাঁর সন্তান শাহজাদা (৬), আলেয়া বেগম (২৫) ও তাঁর দুই সন্তান সিয়াম (৬) ও স্বর্ণা (৩), মোস্তফা মৃধার সন্তান রতন (২) ও মানিক (৪), আহমদ উল্লা (৪৪) ও ফাহিম হোসেন (২)। তাঁদের বাড়ি হাইমচরে।
দুপুর থেকে কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা ট্রলার ও ট্রলারটির নিখোঁজ যাত্রীদের কারও সন্ধান পায়নি। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, ‘আমরা উদ্ধারকারী অগ্নিবীণা জাহাজ ও বেশ কয়েকজন ডুবুরি নিয়ে দুপুর থেকে অভিযান চালিয়ে যাচ্ছি। বিশাল এই মেঘনার কোথায় ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।’
কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার এনায়েত উল্লা বলেন, নদীতে স্রোত থাকায় নিখোঁজ কাউকেই তাঁরা খুঁজে পাননি। ঘটনার পর থেকে ডুবে যাওয়া ওই ট্রলারটির মালিক হাইমচরের চরকৃষ্ণপুরের আবদুল কাদির পলাতক রয়েছেন। দায়ী জাহাজটিও শনাক্ত করা যায়নি।