চাঁদপুর শহরের কুমিল্লা সড়কের জুয়েলারি মার্কেটে গত সোমবার রাতে একদল সন্ত্রাসী চারটি দোকানের কাচ ও সার্টার ভাঙচুর করেছে। এ ঘটনার প্রতিবাদে শহরের স্বর্ণ ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মোস্তফা জানান, সোমবার রাত নয়টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী মার্কেটের ভেতর দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নোলক, পান্না, সূচনা ও লাকী জুয়েলার্সের কাচ ও সার্টার ভাঙচুর করে। পরে তারা চাঁদপুর সরকারি মহিলা কলেজ সড়ক ধরে পালিয়ে যায়।চাঁদপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মানিক পোদ্দার জানান, হামলার প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে বলা দুইটা পর্যন্ত বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার সদস্যরা তাঁদের শতাধিক দোকান বন্ধ রেখে কুমিল্লা সড়কে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে আটক করেছে।