চলতি মৌসুমে ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন স্থানে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুত বা বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে চাঁদপুরে পদ্মা-মেঘনার ৬০ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত। এই জেলার তালিকাভুক্ত ৪১ হাজার জেলের ভিজিএফ কর্মসূচির অধীন ২০ কেজি করে চাল পাওয়ার কথা। তবে নিষেধাজ্ঞা শুরু হওয়ার পাঁচ দিন পরও চাল বিতরণ শুরু হয়নি।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় তালিকাভুক্ত জেলে ৪১ হাজার ৪২ জন। এর বিপরীতে চাল বরাদ্দ পাওয়া গেছে ৭৩১ মেট্রিক টন। তালিকাভুক্ত জেলের তুলনায় চাল কম এসেছে ৮৮ দশমিক ৬ মেট্রিক টন। এই জেলার ৪ হাজার ৪৬৭ জন জেলের জন্য চালের বরাদ্দ আসেনি।
এদিকে ১২ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ থাকায় জেলেরা কর্মহীন হয়ে পড়েছেন। গতকাল রোববার পর্যন্ত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়নি। এতে বিপাকে পড়েছেন দরিদ্র জেলেরা। চাঁদপুর সদরের গোবিন্দা এলাকার জেলে মো. ভাসানী (৩০), বাসু রাঢ়ী (৪৫) ও রকমান সরকার (৬৫) বলেন, ‘সরকারের কথামতো আমরা নদীতে মাছ ধরা বন্ধ রাখছি। কিন্তু এখনো কোনো চাল পাইনি। বউ-পোলাপান নিয়া আমরা কী করুম বুঝতে পারছি না।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, ‘জনপ্রতি জেলের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ চাওয়া হয়েছিল। কিন্তু জেলেপ্রতি ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যেও ৮৮ দশমিক ৬ মেট্রিক টন চাল কম এসেছে। পরিস্থিতি কীভাবে সামলাব বুঝতে পারছি না।’
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল বলেন, যে পরিমাণ চাল পাওয়া গেছে, তা সমহারে জেলেদের মধ্যে বিতরণ করা হবে। উপজেলা পর্যায়ে চাল পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই জেলেরা চাল পাবেন।
এদিকে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স, কোস্টগার্ড ও নৌ পুলিশ পৃথক অভিযান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ১৮টি অভিযানে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আটক করা হয় ১৩ জন জেলে-মাছ বিক্রেতাকে। এর মধ্যে ছয়জনকে দুই বছরের কারাদণ্ড ও দুজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।