চাঁদপুরে জেলেদের নিয়ে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বিআরডিবি হলে গতকাল মঙ্গলবার তিন জেলার জেলেরা আড্ডায় মেতে উঠেছিলেন। আড্ডার মাঝে ছিল তাঁদের প্রশিক্ষণ ও অনুদান দেওয়ার অনুষ্ঠান। এ সময় তাঁরা জাটকা সংরক্ষণ, মা-ইলিশ রক্ষাসহ বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
ইউএসএইডের অর্থায়নে ও ওয়ার্ল্ড ফিশের তত্ত্বাবধানে সেন্টার ফর ন্যাচারাল স্টাডিজ (সিএনআরএস) এবং মৎস্য বিভাগের আয়োজনে গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান হয়।
এ সময় ইকোফিশ প্রকল্প পরিচালক আবু সৈয়দ রাশেদুল হকের সভাপতিত্বে ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের টিম লিডার (ওয়ার্ল্ড ফিশ) এম আবুল ওহাব প্রধান অতিথির বক্তব্য দেন। এতে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান, সিএনআরএসের নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এম এ মহিবুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
পরে পদ্মা ও মেঘনা অববাহিকার তিনটি জেলা চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুরের ৫৪ জন জেলে ও জেলে-পরিবারকে নিয়ে পাঁচটি গ্রুপে ঘণ্টাব্যাপী পরামর্শমূলক আড্ডার আয়োজন করা হয়। এতে জেলেরা ইলিশ রক্ষায় সরকারের চলমান কর্মসূচির ইতিবাচক ও নেতিবাচক বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন।
জেলেদের উল্লেখযোগ্য পরামর্শগুলো হলো রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জেলেদের সঠিক তালিকা প্রণয়ন, নিষেধাজ্ঞার সময় সঠিকভাবে চাল বিতরণ করা অথবা সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে প্রত্যেক জেলের জন্য ব্যাংক হিসাব খুলে নগদ টাকা সরাসরি ব্যাংকে জমা প্রদান করা, ইলিশ সম্পদ রক্ষার সহব্যবস্থাপনা চালু করা।
কর্মশালা শেষে ইলিশের ওপর নির্ভরশীল দরিদ্র মৎস্যজীবী পরিবারের অসহায় নারী সদস্যদের আর্থিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গঠিত নয়টি কমিউনিটি সঞ্চয়ী গ্রুপকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।