চাঁদপুরে জয়-পরাজয়ের নিয়ামক বিএনপির বিদ্রোহীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ। কাল বুধবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ। বিরতিহীন ভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত। প্রার্থীরা রাতেই ফল নিয়ে ঘরে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
চাঁদপুরে পাঁচটি পৌরসভার মধ্যে তিনটি পৌরসভায় মেয়র পদে বিদ্রোহী প্রার্থী থাকায় চরম বেকায়দায় রয়েছেন বিএনপির প্রার্থীরা। অন্য দুটির মধ্যে ছেংগারচর পৌরসভায় বিএনপির প্রার্থী সরোয়ার আবেদীনের মনোনয়ন আপিল বিভাগে স্থগিত হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রফিকুল আলম জজ। আর মতলবে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।
বিএনপির প্রার্থীদের অভিযোগ: দলের কেন্দ্রীয় বা জেলা কমিটি থেকে বিদ্রোহী প্রার্থী বা তাঁদের সঙ্গে থাকা দলের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা বিএনপি নির্বাচন তদারক কমিটি করলেও বিদ্রোহী প্রার্থীকে সরে যাওয়ার জন্য জোরালো কোনো নির্দেশনা দেয়নি। গত শুক্রবার বিকেলে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সফর করলেও তাঁর সঙ্গে জেলা বিএনপির কোনো নেতা ছিলেন না।
বিএনপি, আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী হারুন অর রশিদ। সেখানকার বর্তমান মেয়র মঞ্জিল হোসেন দলটির শক্তিশালী বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন। নির্বাচনে জয়লাভের জন্য মরিয়া হয়ে প্রচারণা চালান তিনি। বিএনপির প্রার্থীর পক্ষে সাবেক সাংসদ হারুন-অর-রশিদ আর বিদ্রোহী প্রার্থীর পক্ষে শিল্পপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি এম এ মান্নানসহ দলের বেশ কিছু নেতা কর্মী প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন।
দলের একাধিক নেতা কর্মী জানান, বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এই পৌরসভায় দলের দুজন প্রার্থী থাকায় সুবিধায় আছেন আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুল হক। বিএনপির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগ প্রার্থী। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ জেলার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা তাঁর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ফরিদগঞ্জ বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। দলীয় প্রতীকে ভোট হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিদ্রোহী ও প্রতিপক্ষ প্রার্থীর খবর থাকবে না। তবে বিদ্রোহী প্রার্থী মঞ্জিল দাবি করেন, বর্তমান মেয়র হিসেবে দুই দলের সমর্থক ও সাধারণ ভোটাররা তাঁকেই ভোট দেবেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন মজুমদার। দলের নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত। বেশ কয়েকজন নেতা কর্মী প্রকাশ্যে হেলাল উদ্দিনের পক্ষে কাজ করেছেন। বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল মান্নান খানের মাঠ তেমন খারাপ না হলেও বিদ্রোহী প্রার্থীর কারণে দলটি চরম দুশ্চিন্তায় আছে। এ পর্যন্ত দলের প্রার্থীর পক্ষে উপজেলা আহ্বায়ক আলমগীর কবির পাটওয়ারীকে মাঠে নামতে দেখা যায়নি। জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও তাঁর অনুসারী নেতা কর্মীরা দলীয় প্রার্থীকে নিয়ে প্রচারণা চালান। বিএনপির এই দ্বন্দ্বের সুযোগে আওয়ামী লীগের একক প্রার্থী মাহবুব-উল-আলম লিপনকে জয়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে দলটি। নির্বাচনের শুরুতে দলীয় নেতা কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা থাকলেও শেষদিকে তাঁরা তা গুছিয়ে নিয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্র তদারক কমিটি করে দলটি ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য একাধিকবার দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।
এদিকে, কচুয়া পৌরসভায় বিএনপির একক প্রার্থী বর্তমান মেয়র হুমায়ুন কবির প্রধানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপন। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন বর্তমান কাউন্সিলর গাজী শাহিন ও আওয়ামী লীগের শক্তিশালী বিদ্রোহী প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল। স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থী থাকায় দুই দলের প্রার্থীরাই কঠিন বিরোধিতায় পড়বেন। তবে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে স্থানীয় সাংসদ মহিউদ্দিন খান আলমগীর ও স্থানীয় নেতা কর্মীরা মরিয়া হয়ে কাজ করছেন।
বিএনপির প্রার্থী হুমায়ুন কবির বলেন, বিদ্রোহী প্রার্থী গাজী শাহিনকে এহসানুল হক মিলন দাঁড় করিয়েছেন। সুষ্ঠু ভোট হলে গাজী শাহিন বাধা হতে পারবেন না। আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম বলেন, পৌরসভার চেয়ারটি উদ্ধারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। এখানে বিদ্রোহী প্রার্থী কোনো ফ্যাক্টর হবেন না।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু বললেন, তিনটি পৌরসভাতেই দল যাঁকে যাঁকে প্রার্থী দিয়েছে তাঁরাই বিএনপির প্রার্থী। অন্যরা বিএনপি করেন না। তারপরও দলের যে সব নেতা কর্মী বিদ্রোহীদের পক্ষে ছিলেন নির্বাচনের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।