চাঁদপুরে ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-১-এর কার্যালয় থেকে ৩৪টি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পবিস কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।
এখনো চুরি যাওয়া মালামাল উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
হাজীগঞ্জে অবস্থিত পবিসের কার্যালয় ও থানায় দায়ের করা মামলার সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ কার্যালয়ের অভিযোগকেন্দ্রের উত্তর পাশের খোলা আঙিনায় সমিতির পুরোনো, নষ্ট ও মেরামতের অনুপযোগী ট্রান্সফরমার সারিবদ্ধভাবে রাখা হয়েছে। গত ৩০ জানুয়ারি সকাল সোয়া নয়টায় পবিসের ভান্ডাররক্ষক রেজাউল মান্নান ওই স্থানে গিয়ে ৩৪টি ট্রান্সফরমারের কয়েল চুরি হয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন। তিনি দেখেন চোরেরা ট্রান্সফরমারের ঢাকনা খুলে কয়েল চুরি করে তা আবার লাগিয়ে রেখেছে।
এ ঘটনায় চাঁদপুর পবিস-১-এর জিএম মো. ইউসুফ বাদী হয়ে ১ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে চুরি হওয়া কয়েলের মূল্য ২ লাখ ৭৪ হাজার ৭২৫ টাকা দেখানো হয়েছে। এতে ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
জিএম মো. ইউসুফ জানান, তদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে। চুরি হওয়া কয়েলের ওজন ৬০০ কেজির মতো। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের কাছ থেকে ওই অর্থ আদায় করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।