চাঁদপুরে ট্রেনে বোমা হামলার তথ্য নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে চলন্ত ট্রেনে পেট্রলবোমা হামলার তথ্য দিয়ে রেল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীদের বিভ্রান্ত করেছেন ওই ট্রেনের সহকারী চালক মো. মুহিত। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
চাঁদপুর রেল পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত নয়টায় শাহরাস্তি উপজেলার চাঁদপুর-লাকসাম রেললাইনের উনকিলা এলাকার ১৫ নম্বর সেতুর কাছে পৌঁছালে পেট্রলবোমা হামলা করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে ট্রেনচালক মো. শাহাবুদ্দিনের বরাত দিয়ে সংবাদ প্রচার করা হয়।
কিন্তু ট্রেনচালক মো. শাহাবুদ্দিন ওই হামলার কথা বলেননি বলে দাবি করেন এবং বলেন, ‘এমন কোনো ঘটনা আমি শুনিনি এবং দেখিনি।’ ট্রেনের সহকারী চালক মো. মুহিত এই বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে বলে রেল পুলিশ নিশ্চিত হয়েছে।
এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর, লাকসাম রেল পুলিশ ও শাহরাস্তি থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে এর কোনো আলামত পায়নি। চাঁদপুর রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠান বলেন, ‘ট্রেনের ইঞ্জিনের কাছে এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যাওয়ার কথা। তা ছাড়া পেট্রলের গন্ধ ও দাগ থাকা এবং কাচ ভাঙা থাকার কথা। কিন্তু এর কিছুই নেই। ট্রেনটি যথাসময়ে রাত ১০টায় চাঁদপুরেও পৌঁছে যায়। ঘটনাস্থলে থাকা যাত্রীরা বা আশপাশের লোকজন ও দোকানদার এ বিষয়ে কেউই কিছুই বলতে পারেনি।’
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল বলেন, ‘এটা একটা অপপ্রচার। পুলিশ ও রেল পুলিশের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি চাঁদপুরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এর কোনো প্রমাণও পাওয়া যায়নি। তবে এই বিভ্রান্তিকর তথ্যের বিষয়টিও দেখা হচ্ছে।’
এ ব্যাপারে ট্রেনের সহকারী চালক প্রথম আলোকে মো. মুহিত বলেন, ‘আমি ট্রেন চালাচ্ছিলাম। এ সময় পাশ থেকে একজন লোক ট্রেন লক্ষ্য করে ককটেল বা পেট্রলবোমা-জাতীয় কিছু একটা ছুড়ে মারে। তারপর আর বলতে পারব না। তখন আমি ট্রেন না থামিয়ে চাঁদপুরে চলে আসি।’