চাঁদপুরে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কমিটি
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চাঁদপুর রেলস্টেশনে যাত্রীদের হয়রানি এবং ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি রেলওয়ে অফিসার্স রেস্টহাউসে সভার আয়োজন করে।
চাঁদপুর রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদারের সভাপতিত্বে ও রেল শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, সাবেক সভাপতি শাহ আলম মিয়া, রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের নেতা মন্টু দেওয়ান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহীম গাজী, রেল শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. সোলায়মান ভূঁইয়া, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি কাজী শাহরিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. সলিম গাজী প্রমুখ। চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগ এই সভা আয়োজন করে।
সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হচ্ছে চাঁদপুর-চট্টগ্রাম পথে চলাচলকারী আন্তনগর (মেঘনা এক্সপ্রেস), ঈদ স্পেশাল ট্রেনের চারটি টিকিটের বেশি একজন যাত্রীকে কাউন্টার থেকে দেওয়া হবে না, যাত্রীদের চিকিৎসার জন্য অস্থায়ী চিকিৎসা দল গঠন করা হবে, রেলের নিরাপত্তা বাহিনী ও জিআরপি পুলিশকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও টিকিট কালোবাজারি বন্ধে বাংলাদেশ রেল শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখা ২১ আগস্ট আহ্বায়ক কমিটি গঠন করে। ওই দিন স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।