চাঁদপুরে ডায়রিয়ার প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, মতলব উত্তর এবং আশপাশের জেলা-উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত তিন দিনে আইসিডিডিআরবির মতলব কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রোগে আক্রান্ত দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) মতলব কেন্দ্র সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর ৭০, ৮ অক্টোবর ৬৩ এবং ৯ অক্টোবর ৬৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে ভর্তি হয়েছে। তিন দিনে মোট ভর্তি হয়েছে ১৯৮ জন। এ সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দেড় গুণ। গতকাল বেলা ১১টা পর্ষন্ত ভর্তি হয়েছে ৩২ জন। রোগীদের মধ্যে ৫২ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে। ১৫ বছরের বেশি বয়সী ৪৪ শতাংশ। বাকি ৪ শতাংশ পাঁচ থেকে ১৪ বছর বয়সী। এসব রোগীর ৭০ ভাগ মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ উপজেলার। বাকি ৩০ শতাংশ কুমিল্লার বরুড়া, চান্দিনা, দাউদকান্দি, লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর এলাকার। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই তিন দিনে এখানে ১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে।
গতকাল আইসিডিডিআরবির মতলব কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানকার প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে ডায়রিয়া রোগীর ভিড়। বহির্বিভাগেও বেশ কিছু রোগী চিকিৎসা নিচ্ছে। শাহরাস্তি উপজেলা সদর থেকে আসা জিহাদ হোসেনের (১) মা রুমা আক্তার বলেন, ‘ঘন ঘন বমি ও পাতলা পায়খানা করায় গতকাল পোলাডারে এনো (এখানে) ভর্তি করাইছি। স্যালাইন খাইতে দিছে। এহন এট্টু ভালার দিকে।’
আইসিডিডিআরবি মতলব কেন্দ্রের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, ‘কয়েক দিনের ভ্যাপসা গরমে এ রোগের প্রকোপ বেড়েছে। পচা-বাসি খাবার গ্রহণ এবং নোংরা পানি পান করায় এত লোক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের ওরস্যালাইন, বুকের দুধ, খিচুড়ি এবং প্রতিদিন একটি করে বেবি জিংক বড়ি দেওয়া হচ্ছে। বয়স্ক রোগীদের ওরস্যালাইন দেওয়া হচ্ছে। সঙ্গে ডাব, চিড়ার পানি এবং স্বাভাবিক খাবার খেতে বলা হচ্ছে। তিনি দাবি করেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান জানান, টাটকা খাবার খেলে এবং ফুটানো পানি পান করলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না।