চাঁদপুরে ডায়রিয়ায় আক্রান্ত ১০ দিনে ১১০০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও আশপাশের এলাকায় শিশুরা ব্যাপক হারে রোটা ভাইরাস ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ১০ দিনে রোটা ডায়রিয়ায় আক্রান্ত ১ হাজার ৭৫টি শিশু আইসিডিডিআরবির মতলব হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতাল সূত্রে জানা গেছে, রোটা ভাইরাস ডায়রিয়ায় (শীতকালীন ডায়রিয়া) আক্রান্ত হয়ে গত ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৭৫টি শিশু ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ভর্তি হয়েছে ১০৭টির বেশি শিশু। এ সংখ্যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ। গত বছর এই সময়ে প্রতিদিন গড়ে ভর্তি হয়েছিল ১৪২টি শিশু। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত ভর্তি হয়েছে আরও ৪০টি শিশু। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৮০ ভাগের বয়স পাঁচ বছরের মধ্যে। শূন্য থেকে দুই বছর বয়সী শিশু ৭৯৫টি। দুই থেকে চার বছর বয়সী শিশু ৬৯টি। বাকি শিশুদের বয়স পাঁচ বছরের ওপরে।

আক্রান্ত শিশুদের মধ্যে চাঁদপুর জেলা সদরের ৮১, ফরিদগঞ্জের ৫৮, হাইমচরের ১৮, হাজীগঞ্জের ৫৪, কচুয়ার ৪৭, মতলব উত্তরের ৪৩, মতলব দক্ষিণের ৪৬, শাহরাস্তির ৩৩, কুমিল্লার বরুড়ার ৫৬, চান্দিনার ৭৬, কুমিল্লা সদরের ৬৫, দাউদকান্দির ২৪, তিতাসের ১৭, দেবীদ্বারের ৩৬, লাকসামের ৪৮, মুরাদনগরের ২৯, মনোহরগঞ্জের ১৯, লক্ষ্মীপুর সদরের ১৫২, রায়পুরের ৬৪, রামগঞ্জের ৩১, ও শরীয়তপুরের সখীপুর উপজেলার ১৫টি। বাকি শিশুরা ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলার।

আজ বুধবার ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ভিড়। বহির্বিভাগেও শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস বাজার এলাকার কন্যাশিশু মারিয়া আক্তারের (৪) মা নাজমা বেগম (২৫) বলেন, ‘ঘন ঘন পাতলা পায়খানা ও বমি অওনে আজ সকালে মাইয়াডারে ভর্তি করাইছি। হেরা স্যালাইন পুশ করছে। খাওনের স্যালাইনও দিছে। এহন কিছুডা ভালা।’

আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এ জন্য শীতকালে তাঁরা রোটা ভাইরাসে বেশি আক্রান্ত হয়। ময়লাযুক্ত খাবার খাওয়া ও দূষিত পানি পান করায় এ রোগের প্রকোপ বেড়েছে। শূন্য থেকে ছয় মাস বয়সী আক্রান্ত শিশুদের স্যালাইন ও মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছে। সাত মাস থেকে দুই বছর বয়সী শিশুদের খাওয়ার স্যালাইন, বেবি-জিংক, মায়ের বুকের দুধ ও বাড়ন্ত খাবার (সুজি, খিচুড়ি, ভাতের মাড় ও ডাবের পানি প্রভৃতি) দেওয়া হচ্ছে।

চন্দ্রশেখর দাস আরও বলেন, ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে, পায়খানার সঙ্গে রক্ত গেলে, গায়ে জ্বর থাকলে ও শিশু দুর্বল হয়ে পড়লে তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে। এ রোগ এড়াতে শিশুদের প্রতি মায়েদের যত্নশীল হতে হবে। শিশুদের যাতে ঠান্ডা না লাগে এবং তারা যাতে ময়লা খাবার ও দূষিত পানি পান না করে, সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানান তিনি।