চাঁদপুরে ডিসিকে হত্যার হুমকি গ্রেপ্তার ১
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার রাতে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. মুন্নাফ। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামে। তিনি উপজেলার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।ওই ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন হাসান গতকাল রোববার সকালে জানান, শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের পানি উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকায় মুন্নাফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জব্দ করা হয় সাতটি সিমকার্ড ও পাঁচটি মুঠোফোনসেট। তিনি নিজেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফরিদগঞ্জের প্রধান দাবি করে ডিসি, এসপি ছাড়াও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে একাধিকবার খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এসব খুদেবার্তার সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়।মৃত্যুর হুমকির খুদেবার্তা পাওয়ার সত্যতা নিশ্চিত করে এসপি শহীদুল্লা চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হুমকি ছাড়াও নানা বাজে কথা লেখা থাকত ওই সব খুদেবার্তায়। ডিসি প্রিয়তোষ সাহাকে একই ধরনের খুদেবার্তা পাঠানো হতো।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নাফ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন।