চাঁদপুরে তিন গাড়িতে লুটপাটের পর শিবিরের আগুন

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আজ রোববার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এ সময় যাত্রীবাহী একটি বাসসহ তিনটি গাড়িতে লুটপাট চালিয়ে আগুন দেন শিবিরের কর্মীরা।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, গতকাল দিবাগত রাত দুইটা থেকে তিনটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগত্পুর থেকে খাজুরিয়া পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় কয়েকটি গাছ ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ভোর সোয়া পাঁচটার দিকে খাজুরিয়া এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী বাস সৌদিয়া, সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী পিকআপ ভ্যানে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। এর আগে শিবিরের কর্মীরা সৌদিয়া বাসের চালককে মারধর করেন এবং যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেন। শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে যাত্রীদের অন্য একটি বাসে করে চাঁদপুরে পৌঁছে দেওয়া হয়।
সৌদিয়া বাসের চালক চান মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে ৪৬ জন যাত্রী নিয়ে চাঁদপুর যাওয়ার পথে খাজুরিয়া এলাকায় ১০-১২ জন ব্যক্তি জোর করে বাসটিতে উঠে পড়ে। পরে তারা যাত্রীদের কাছ থেকে অর্থ লুট করে গাড়ি থেকে নামিয়ে দেয়। একপর্যায়ে তারা তাঁকে (চালক) মারধর করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ওই বাসের পেছনে থাকা সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়।
এদিকে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের গাছতলা ও বাগাদী এলাকায় হরতালকারীরা বেশ কয়েকটি গাছ কেটে অবরোধ সৃষ্টি করেছে। এ ছাড়া চাঁদপুর শহরের কালীবাড়ি ও চাঁদপুর সরকারি কলেজ এলাকায় ভোরে রাস্তায় আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা।