চাঁদপুরে তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে করা আপিল খারিজ
চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ পৌরসভার তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল। গতকাল শনিবার এসব আপিল খারিজ করা হয়।
গত বুধবার প্রতিদ্বন্দ্বী তিন মেয়র প্রার্থী তাঁদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আপিল করেন। তাঁদের মধ্যে কচুয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলমের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আহসান হাবীব; ফরিদগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মঞ্জিল হোসেনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহফুজুল হক এবং হাজীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির মেয়র প্রার্থী আবদুল মান্নান খানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হেলাল উদ্দিন মজুমদার। আপিল খারিজ হয়ে যাওয়ায় ওই তিন মেয়র প্রার্থী নির্বাচন করার সুযোগ পাবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, জেলা প্রশাসক পর্যালোচনা শেষে তিনটি আপিলই খারিজ করে দেন।