চাঁদপুরে তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবি
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া ও ফরিদগঞ্জের তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে আবেদন করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বী তিন মেয়র প্রার্থী গত বুধবার পৃথকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের এসব আবেদন করেন। আজ শনিবার ওইসব আবেদনের শুনানি হবে।
জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আবদুল মান্নান খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন মজুমদার। কচুয়ায় আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আহসান হাবিব প্রানজল। আর ফরিদগঞ্জে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র মঞ্জিল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুল হক।
হাজীগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী আবদুল মান্নানের বিরুদ্ধে নিজ নামের সম্পদ পরিবারের অন্য সদস্যদের নামে দেখানো এবং হলফনামায় অনেক সম্পদের তথ্য না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কচুয়ায় নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে একাধিক বিয়ের তথ্য গোপন করা, পূর্বের দায়েরকৃত মামলার বিবরণ না দেওয়া এবং তাঁর ওপর নির্ভরশীল লোকজনের তথ্য না দেওয়া ও পেশা বা আয়ের উৎসের বিস্তারিত তথ্য না দেওয়ার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে ফরিদগঞ্জে মঞ্জিল হোসেনের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
জানতে চাইলে আবদুল মান্নান খান দাবি করেন, ‘আমি ৪০ বছর ধরে ব্যবসা করছি। ব্যবসার টাকা দিয়ে সহায়সম্পদ কিনেছি। জীবনে কখনো দুর্নীতি করিনি। আমার বিরুদ্ধে দলের বিপক্ষজন আপিল করেছেন। আপিলে আমি ইনশা আল্লাহ জয়ী হব।’
নাজমুল আলম স্বপন দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই অভিযোগকারী প্রমাণ করতে পারবেন না। আহসান হাবিবের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি ক্ষোভের কারণে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমার মনোনয়ন বাতিল হবে।’
এ বিষয়ে গতকাল সকাল ১০টায় মঞ্জিল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে কিসের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে জানি না। আমি এখন ঢাকায় আছি। বিকেলে অভিযোগের কপি ওঠাব। তখন এ বিষয়ে বলতে পারব।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল বোর্ডের সদস্য আতাউর রহমান বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় এসব প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। পরে দলের বিদ্রোহী প্রার্থীরা এসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন।