চাঁদপুরে তেলবাহী ট্রেনের চার বগি লাইনচ্যুত
চাঁদপুর শহরের কালীবাড়ী এলাকায় গতকাল শনিবার সকালে একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে চাঁদপুর-লাকসাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।চাঁদপুর রেলওয়ের স্টেশনমাস্টার মো. গোলাম মোস্তফা জানান, তেলবাহী ট্রেনটি গত শুক্রবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুরের পদ্মা ডিপোর উদ্দেশে ছেড়ে আসে। লাকসামে বিরতির পর গতকাল শনিবার সকাল আটটার দিকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ৪০ মিনিটে চাঁদপুর শহরের কালীবাড়ী এলাকা অতিক্রম করার পর চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে একটি বগি সম্পূর্ণ উল্টে যায়। ওই বগিতে ৩৪ হাজার ৬৯০ লিটার ডিজেল রয়েছে। ট্রেনটিতে ২৬টি বগি (ট্যাংক) ছিল। উদ্ধারের জন্য লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসার কথা আছে।এ ঘটনার পর চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই দিন সময় লাগতে পারে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানিয়েছে, চাঁদপুর-লাকসাম রুটে দীর্ঘদিন ধরে রেলওয়ে স্লিপার মেরামত না করায় এবং পাথর না দেওয়ায় লাইনের কাঠগুলো পচে গেছে। এ কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।