চাঁদপুরে তেলের লরি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে তেলের ট্যাংক লরি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে যমুনা অয়েল কোম্পানির একটি লরি থেকে পাইপ দিয়ে ড্রামে তেল সরবরাহ করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুজন মারা যান। শহর ছাত্রলীগ সভাপতি সোহেল আহমেদের সেলিনা ভবনে ভাড়া নেওয়া এক তেল ব্যবসায়ীর দোকানে এ তেল সরবরাহ করা হচ্ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গতকাল শুক্রবার চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন চাঁদপুর সদর পুলিশ সুপার সার্কেল মো. নজরুল ইসলাম ও চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রতন দত্ত।
এদিকে এ ঘটনায় গতকাল চাঁদপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে নিহত দুজন, আহত চারজনসহ ছয়জনকে আসামি করে একটি মামলা করেছে।
চাঁদপুর সদর পুলিশ সুপার সার্কেল মো. নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে বাড়ির মালিক সোহেল আহমেদকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দোকান হিসেবে ব্যবহারের জন্য ওই বাড়ি ভাড়া নেন তেল ব্যবসায়ী মিজানুর রহমান। এভাবেই ভাড়াসংক্রান্ত চুক্তিটি হয়। অথচ বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিয়ে মিজানুর রহমান ভাড়া করা ভবনে তেলের ব্যবসা করে আসছিলেন।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১২টায় তেল সরবরাহের সময় হঠাৎ বিকট শব্দ হয়ে তেলের লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা তিনতলা ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় আহত ছয়জনের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তিরা হলেন তেল ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে মো. রায়হান (২৩) এবং লরির হেলপার নূর মোহাম্মদ। গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), লরির চালক বাদশা মিয়া (৫০), হেলপার মাসুদ হোসেন (২৮) ও বেলাল হোসেন (৩৫)।