চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে লরি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মাসুদ হোসেন (২৮) নামে আরও এক ব্যক্তি গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মাসুদ ওই লরির চালকের সহকারী ছিলেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার মান্নান গাজীর ছেলে। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ দিনে তিনজনের মৃত্যু হলো। এদিকে, এ ঘটনায় জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের তদন্ত দল গত শনিবার থেকে কার্যক্রম শুরু করেছে।
সাত দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত শুক্রবার চাঁদপুর মডেল থানায় আহত ছয়জনকে আসামি করে একটি মামলা করেছে।
গত বুধবার রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির একটি লরি থেকে পাইপ দিয়ে একটি ভবনে রাখা ড্রামে পেট্রল সরবরাহ করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়ে লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা তিনতলা ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে।