চাঁদপুরে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শিক্ষা প্রকৌশল কার্যালয়ে গতকাল মঙ্গলবার ক্ষমতাসীন দলের লোকজন বাক্স ভেঙে দরপত্র ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। চাঁদপুর শিক্ষা প্রকৌশল সূত্রে জানা গেছে, গতকাল নয়টি প্যাকেজে জেলার বিভিন্ন উপজেলার নয়টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এসব প্যাকেজের মোট কাজের মূল্য ২৬ লাখ টাকা। কচুয়ার মেসার্স আমজাদ হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী স্বপন কুমার সাহার সামনে গতকাল সকাল ১০টায় তিনি দুটি প্যাকেজের দরপত্র জমা দেন। দুপুর একটার দিকে ক্ষমতাসীন দলের একজন নেতা তাঁকে ফোন করে বলেন, ‘আমার দরপত্র এখন তাঁর হাতে। যেসব ঠিকাদার কাজ নেবেন, তাঁদের সঙ্গে আগেই সমঝোতা হয়েছে।’ আমজাদ হোসেন আরও অভিযোগ করেন, বেলা তিনটায় দরপত্র বাক্স খোলার পর শিক্ষা প্রকৌশল কার্যালয়ে যোগাযোগ করা হলে তাঁর দরপত্র জমা হয়নি বলে জানানো হয়।চাঁদপুরের শিক্ষা প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফজাল গতকাল এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে আমরা দরপত্র বাক্স খুলেছি। কিন্তু আমজাদ এন্টারপ্রাইজের কোনো দরপত্র পাওয়া যায়নি।’ শিক্ষা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী স্বপন কুমার সাহা প্রথম আলোকে জানান, ‘দরপত্র বাক্সটি আমার সামনে ছিল। কেউ এই বাক্সে হাত দেয়নি। আমজাদ হোসেনকে দরপত্র নিয়ে কার্যালয়ে আসতে দেখেছেন কিন্তু জমা দিতে দেখেননি।’