চাঁদপুরে দুই লঞ্চের চাপায় যাত্রীর মৃত্যু
চাঁদপুর লঞ্চঘাটে দুই লঞ্চের চাপায় এক যাত্রী নিহত হয়েছেন। চাঁদপুর মাদ্রাসা রোড বিকল্প লঞ্চঘাটে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম হামিদা বেগম (৩৫)। তিনি চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার মো. ইব্রাহিমের স্ত্রী।
চাঁদপুর নৌ পুলিশের দায়িত্বরত (ইনচার্জ) কর্মকর্তা এসআই মোশারফ হোসেন বলেন, বেলা ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সোনারতরী লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ছিল। ভেড়ার আগে সোনারতরী লঞ্চ থেকে নেমে হামিদা একটি নৌকায় ওঠেন। এ সময় এমভি প্রিন্স অব রাসেল ঘাট ছেড়ে যাচ্ছিল। তখন দুই লঞ্চের মধ্যে নৌকাটি চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় হামিদাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, নিয়ম হলো কোনো লঞ্চ ঘাটে সম্পূর্ণভাবে না ভেড়া পর্যন্ত কোনো যাত্রী নামবেন না। চলন্ত লঞ্চ থেকে নৌকায় নামাও নিয়মের লঙ্ঘন। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।