চাঁদপুরে দুই শিশু ১০ মাস পর উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলার অপহূত সেই দুই শিশুকে ১০ মাস পর উদ্ধার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অপহূত বোরহান উদ্দিন (১১) ও দুপুর দুটার দিকে ইশরাত জাহান মুক্তাকে (১৩) উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল জানান, চাঁদপুর শহরের পৌরসভাসংলগ্ন চাঁদপুর মডেল থানার পেছনে একটি চায়ের দোকান থেকে বোরহান উদ্দিনকে উদ্ধার করা হয়। বোরহান সে সময় ওই দোকানে কাজ করছিল। পরে বোরহানকে নিয়ে শহরের বিষ্ণুদী এলাকার দেলু মাঝির ঘর থেকে ইশরাত জাহান মুক্তাকে উদ্ধার করা হয়। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান ও মুক্তা জানায়, লেখাপড়া নিয়ে গৃহশিক্ষক ও অভিভাবকদের মারধরের কারণে তারা বাড়ি ছেড়ে চলে যায়। তাদের কেউ অপহরণ করেনি। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়ুয়া জানান, অপহরণ মামলার পর পরই দেশের বিভিন্ন থানা ও গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে তাদের ছবি ও মামলার নথিপত্র হস্তান্তর করা হয়।