চাঁদপুরে দুটি বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

চাঁদপুর শহরের গণি মডেল উচ্চবিদ্যালয় ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন হতে যাচ্ছে। এ উপলক্ষে পৃথকভাবে আজ শনিবার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
গণি মডেল উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে দিনব্যাপী প্রাক্তন ছাত্র পুনর্মিলনীসহ নানা কর্মসূচির। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন হচ্ছে বিদ্যালয়টির মাঠেই।
গণি মডেল উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানের আহ্বায়ক চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন বলেন, ভাষাসৈনিক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. এম এ গফুর সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শতবর্ষ পূতির অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে প্রাক্তন ছাত্রদের অ্যাসেম্বলি, বর্ণাঢ্য শোভাযাত্রা, ও তঁদের ফুল দিয়ে বরণ করা হবে। রয়েছে আড্ডা, আলোচনা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া ৩৩ জন কৃতী শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে বৃত্তি ও ২৯ জন প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।
বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের মাঠে নানা কর্মসূচির আয়োজন করেছে শতবর্ষ পূর্তি উদ্যাপন কমিটি। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে।
আয়োজক সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটায় উৎসবের উদ্বোধন করবেন ব্রিটিশ আমলের জমিদার রাজা রাজকুমার রায় চৌধুরীর উত্তরসূরি অমীয় রায় চৌধুরী। এতে যোগ দেবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেজর জেনারেল (অব.) মাহাবুব
আলী ও উপসচিব সালমা আফরিন প্রমুখ।