চাঁদপুরে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজ আহমেদকে গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল রাতে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের এক নারীকে খাজুরিয়া গ্রামের আরিফ (২৫), ইউনুস (৩০), ছোবহান (২৫), সাইফুল (২৮), সোহেল (২৫), আমিন (২৫) ও শাহিন (২৬) ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার থানায় মামলা দিতে গেলে ইউপি চেয়ারম্যান ফয়েজ তাদের বাধা দেন। তিনি অভিযুক্তদের নিয়ে সালিস-বৈঠকে বসেন। সালিসে অভিযুক্ত ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে তাদের এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। চার দিন পরে জরিমানার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। নির্ধারিত দিনে ধর্ষিতার পরিবার চেয়ারম্যানের কাছে জরিমানার টাকা নিতে যায়। কিন্তু চেয়ারম্যান জরিমানার টাকা না দিয়ে তাদের উল্টো শাসিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে ধর্ষিতার পরিবার মতলব উত্তর থানায় ১১ এপ্রিল ইউপি চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোস্তম আলী সিকদার জানান, গতকাল ইউপি চেয়ারম্যানকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।